পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
পঞ্চগড় সদর উপজেলার মহারাজার দিঘি থেকে আবদুল মালেক (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আবদুল মালেক সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মাগুরা এলাকার মালাদাম গ্রামের রইসউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় মরদেহের হাতে থাকা একটি চিরকুট জব্দ করা হয়। চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে। এতে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
















