পরিত্যক্ত বিট রইক্ষ্যং রেঞ্জ অফিসে অপরাধীদের আনাগোনা
- আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
চোর-ডাকাতের আস্তানার অভিযোগ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অবস্থিত বিট রইক্ষ্যং রেঞ্জ অফিস দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট অফিসে নিয়মিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন না করায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের গুরুত্বপূর্ণ এই অফিসটি দীর্ঘদিন ধরে অযত্ন ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকি না থাকায় ধীরে ধীরে এটি কার্যত পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি নজরদারি না থাকায় বর্তমানে অফিস ভবনটি চোর-ডাকাত ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আস্তানায় পরিণত হয়েছে। বিশেষ করে রাতের বেলায় সেখানে সন্দেহজনক লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অফিসটিতে কোনো কার্যক্রম না থাকায় এটি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, অফিসটি দ্রুত সংস্কার করে সেখানে নিয়মিত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা করা হোক। এতে সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে বলে মনে করছেন তারা।















