ফুলছড়ি রেঞ্জে মানুষ–হাতি দ্বন্দ্ব প্রশমনে জনসচেতনতা সভা ও ক্ষতিপূরণ
- আপডেট সময় : ১৪৬ বার পড়া হয়েছে
কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে মানুষ–হাতি দ্বন্দ্ব প্রশমন ও বন্যহাতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঈদগাঁও উপজেলার ফুলছড়ি রেঞ্জ অফিসে এক সভা ও ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাশিক আহসান, সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ অফিসার, ফুলছড়ি রেঞ্জ, কক্সবাজার উত্তর বন বিভাগ।
সভায় বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে মানুষ–হাতি দ্বন্দ্ব এড়াতে করণীয়, বন্যহাতির চলাচলের পথ রক্ষা, বন উজাড় বন্ধ এবং জনবসতিতে ঝুঁকিপূর্ণ আচরণ পরিহারের বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মীর কামরুজ্জামান কবির বলেন,
“মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বন সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মানুষ–হাতি দ্বন্দ্ব কমানো সম্ভব।”
সভায় আরও বক্তব্য দেন বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, ক্ষতিপূরণ কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে মানুষ–হাতি দ্বন্দ্বপ্রবণ এলাকায় বিশেষ কর্মসূচি জোরদার করা হবে।
অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ঈদগাঁও, ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ভিলেজার, শিক্ষার্থী এবং ক্ষতিপূরণপ্রাপ্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।














