বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুর রিপোর্টার্স ফোরামের অনুদান
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গাজীপুর জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের তহবিল থেকে পে-অর্ডারের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার হাতে অনুদান তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশের এই দুর্যোগময় সময়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করায় তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুক এবং সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন জেলা প্রশাসকের হাতে পে-অর্ডার হস্তান্তর করেন।
এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি তানভীর আহমেদ, সহসভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল আলম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, কোষাধ্যক্ষ জাহিদ হাসান ভূঁইয়া, সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ ভান্ডারী, নির্বাহী সদস্য বোরহানউদ্দিন অরণ্য, কাজী সাকিল, মো. মনির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করা গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবে।
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই অনুদান দিয়েছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম।

















