বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
- আপডেট সময় : ২১৯ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, বান্দরবান-এর নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে আমির হামজা (৫৭) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করা হয়। তিনি করলিয়ামুরা এলাকার বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।














