মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় কোস্ট গার্ড অস্থায়ী কন্টিনজেন্ট পাটুরিয়া ও রাজবাড়ি কর্তৃক মানিকগঞ্জের দৌলতপুর ও বাঘুটিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এ সময় আটককৃতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাটুরিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


















