সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
- আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের শুরুতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয়জনের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণদের নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। বিশেষ অতিথি ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালেহ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. হাফিজ আহমেদ, সদস্য আব্দুল বারী বাবলু, আরিফুর রহমান, শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, মো. খলিলুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজের উন্নয়ন ও ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের স্বচ্ছতা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলে শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।













