অপহৃত ইউপি সদস্য রুস্তম আলীকে উদ্ধার করল পুলিশ
- আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে অপহরণের শিকার হওয়া ইউপি সদস্য রুস্তম আলীকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার (২২ এপ্রিল ২০২৬) দিনভর অভিযান শেষে রাতেই তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্র জানায়, ২২ এপ্রিল সকাল ৫টার দিকে ঈদগাহ বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া ঢালা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রুস্তম আলীকে অপহরণ করে। তিনি ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং মো. হোছন প্রকাশ হোসেনের ছেলে।
ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল মাঠে নামে। দিনভর রামু উপজেলার ঈদগড় ও রশিদনগর ইউনিয়নের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পরে রাত ৯টা ১০ মিনিটের দিকে রশিদনগরের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে অপহৃত ইউপি সদস্য রুস্তম আলীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার শেষে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, অপহরণে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


















