জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৬০ হাজার ইয়াবাসহ আটক ১
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ব্যক্তি উখিয়া উপজেলার নলবনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে মো. রাশেদুল (২৫)। গতকাল সোমবার (২৯ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এবং বিওপি থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দক্ষিণে নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিয়ানমার সীমান্ত থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।পরে তাকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কোমরে বাঁধা এবং হাতে থাকা মাছের টুকরির ভেতর তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী ছয়টি কার্টনে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাশেদুল স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে দেশে নিয়ে আসছিলেন। তিনি আরও জানান, তিনি ও তার সহযোগীরা প্রায়ই জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে বিজিবির নজর এড়িয়ে দেশে এনে বিক্রি করতেন।বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।


















