আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভা
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ‘বজ্রকণ্ঠ’ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, টুঙ্গিপাড়ার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারী ও কন্যাদের অধিকার রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে নারীদের এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীর সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী এবং সাংবাদিক মেহেদী হাসান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী। তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও সম্ভাবনার প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ উপজেলার পাঁচজন অদম্য নারী এবং পাঁচজন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা তাদের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরে অন্য নারীদেরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই নারীর প্রতি সম্মান, সমতা ও অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















