এসএসসি পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান পড়ে ছাত্র আহত
- আপডেট সময় : ১২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে সিলিং ফ্যান খুলে পড়ে মো. নিয়ামুল হাসান নামে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি পরীক্ষা সম্পন্ন করেন।
গত রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিয়ামুল দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর ঘুরতে থাকা ফ্যানটি হঠাৎ খুলে তার মাথায় পড়ে। এতে মাথার একপাশে কেটে যায় এবং হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা হাসপাতালের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসার কারণে অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয় তাকে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বোর্ড প্রতিনিধিদের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়রা কেন্দ্রের পুরোনো ও ঝুঁকিপূর্ণ কক্ষ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।








