কুড়িগ্রামে শব্দ দূষণ নিয়ন্ত্রণে গ্রিন ইকো ফাউন্ডেশনের মানববন্ধন
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম শহরের শহিদমিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রিন ইকো ফাউন্ডেশন। এ সময় সংগঠনের কর্মীরা পথচারী ও যানবাহনের মাঝে শব্দ দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে গ্রিন লিডার মো. আজিজুল হক বলেন, “শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ উল্লেখিত দফাগুলো আইনে থাকলেও তার যথাযথ প্রয়োগ লক্ষ করা যাচ্ছে না। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকাতেও শব্দ দূষণ বিরাজ করছে, যা প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।”
অপর বক্তা ওমর ফারুক বলেন, “শব্দ দূষণ একটি নীরব ঘাতক। এ বিষয়ে সরকারের নজরদারি আন্তরিকভাবে বাড়াতে হবে। দেশকে এগিয়ে নিতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বিষয়টিকে সমান গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান জনাব সঞ্জয় চৌধুরী বলেন, “শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইনের প্রয়োগ এবং জনসচেতনতা—দুটোই সমান গুরুত্বপূর্ণ। গ্রিন ইকো ফাউন্ডেশন সব সময় পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ তথা পরিবেশ সংরক্ষনের বিষয়ে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী অপূর্ব, রাকিবুল, লিমন, সিনহা, শাহীন, সাদ্দাম, সিয়াম, হামীম, হৃদয়, মুরাদ, হযরত, স্বজনসহ অনেকে।














