গড়াই–পদ্মার তীর ঘেঁষে কুষ্টিয়ায় নির্মাণ হচ্ছে নতুন বাইপাস সড়ক
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়া শহরের যানজট নিরসন এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে গড়াই ও পদ্মা নদীর তীর ঘেঁষে একটি নতুন বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে এটি শহরের অবকাঠামো ও সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা। এ সময় কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া গড়াই ও পদ্মা নদীর সংযোগ এবং বাঁধসংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রস্তাবিত সড়কটি গড়াই নদীর সৈয়দ মাছ উদ রুমি সেতুর নিচ থেকে শুরু হয়ে জেলা পরিষদ পার্ক, বড়বাজার ও থানাপাড়া হয়ে হরিপুর সেতুর সঙ্গে সংযুক্ত হবে। পরে হরিপুর সেতু থেকে কমলাপুর হয়ে রানাখড়িয়ার দিকে অগ্রসর হয়ে ভেড়ামারা সড়কে গিয়ে মিলিত হবে।
সংশ্লিষ্টদের মতে, গড়াই ও পদ্মা নদীকেন্দ্রিক এ সড়ক নির্মিত হলে কুষ্টিয়া শহরের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে, যানজট কমবে এবং নদীতীরবর্তী এলাকার সৌন্দর্য ও পর্যটনের সম্ভাবনা বাড়বে।
পরিদর্শনে গ্রেটার কুষ্টিয়া রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী কামরুজ্জামান, সাবেক সিনিয়র সচিব খন্দকার কবিরুল ইসলাম, কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা প্রকৌশলীসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, সড়কটি গ্রেটার কুষ্টিয়া রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আওতায় বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পে অন্তর্ভুক্ত হলে বর্তমান কাঁচা ও অবহেলিত সড়কটি দ্রুত আধুনিক ও প্রশস্ত পিচঢালা সড়কে রূপান্তর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নদীতীরবর্তী পর্যটন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

















