চর সুনুটিয়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চর সুনুটিয়া ব্রিজের গোড়া থেকে গৌড়াঙ্গী নদীর পাড়সংলগ্ন গোরস্থান ও মসজিদ পর্যন্ত কাঁচা সড়ক দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় চর সুনুটিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গোরস্থানে জানাজা ও দাফন-কাফন, মসজিদে নামাজ আদায়, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, রোগী পরিবহন এবং সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
তারা চর সুনুটিয়া ব্রিজের গোড়া থেকে গৌড়াঙ্গী নদীর পাড়সংলগ্ন গোরস্থান ও মসজিদ পর্যন্ত সড়কটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বক্তাদের দাবি, দীর্ঘদিনের এ ন্যায্য দাবি বাস্তবায়ন হলে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

















