চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী
- আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ (৭/৫/২৬) বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
আজ ১১টায় বিদ্যালয়ের হলরুমে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের জাতীয় সংসদ এডভোকেট আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সুরুজ খা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিন, বিদ্যালয়ের দাতা সদস্য মো. কামাল মিয়া ও এনামুল হক সরকারসহ সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা ও মেধা মূল্যায়নভিত্তিক বিভিন্ন আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান বলেন-“শিক্ষার প্রসারে এবং আগামী দিনের যোগ্য নাগরিক গঠনে সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ বিদ্যালয় অত্র এলাকার শিক্ষা বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন- শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষায় সমান ভাবে মনোযোগী হতে হবে। কারণ একটি শিক্ষিত, সৃজনশীল ও দেশপ্রেমিক প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।










