জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে সরকারি সড়কের ইট চুরির অভিযোগে দায়ের করা মামলায় চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামলার কয়েকজন আসামি। শুনানি শেষে আদালত ফজলুল হক, বিপুল মিয়া, সাইফুল ইসলাম ও সজীব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ থেকে ২০ এপ্রিলের মধ্যে বিভিন্ন সময়ে মেঘা দেওয়ানীর মোড় থেকে আয়নার মোড় এবং ময়নার মোড় থেকে বয়লা খাল ব্রিজ হয়ে গজারি আটা ভাঙুনি ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি ইটের সোলিং সড়ক থেকে আনুমানিক ২ লাখ ৮০ হাজার ইট চুরি করা হয়। চুরি যাওয়া ইটের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। স্থানীয়ভাবে তথ্য সংগ্রহের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলাটি দায়ের করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।













