ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
বাগেরহাটে বাবার দাফন শেষে কর্মস্থলে দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা এবং বেতনসহ এক মাসের ছুটি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কৃষি ব্যাংকের বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ে খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, কর্মকর্তা জগলুল কবিরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা ও ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে ইকনকে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তার পাশে থাকবে ব্যাংক।
এর আগে একই দিন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন তাঁর কার্যালয়ে ইকনকে ডেকে আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন ও ইকনের মামা উপস্থিত ছিলেন।
ইকন বলেন, বাবার মৃত্যুর পর জীবন আরও কঠিন হয়ে গেছে। তবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা তাকে নতুন করে সাহস জুগিয়েছে। কৃষি ব্যাংকের আর্থিক সহায়তা ও বেতনসহ এক মাসের ছুটি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হৃদ্রোগে মারা যান। বাবার দাফন শেষে সেদিন রাতেই তিনি কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন। পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ায়।













