টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে যাত্রীবাহী বাস
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল প্রায় ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারের পূর্ব পাশে গ্রামীণ ব্যাংকের নিকট এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৭) দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের বিভাজক ভেঙে রাস্তার পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চাকা পাংচার হওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরও ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।














