টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতির মৃত্যু
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত চেষ্টার পরও হাতিটিকে বাঁচানো যায়নি।
বন বিভাগ জানায়, শনিবার দুপুরে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর নাইট্যংপাড়া এলাকার শিয়াল্যাঘোনা পাহাড় থেকে নিচে পড়ে যায় বিশাল আকৃতির মা হাতিটি। এতে তার পেছনের দুটি পা মারাত্মকভাবে জখম হয়। গুরুতর আঘাতের কারণে সে আর দাঁড়াতে পারেনি এবং ঘটনাস্থলেই পড়ে থাকে।
খবর পেয়ে টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের পশুচিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসক দলও চিকিৎসায় যুক্ত হন। সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসা চললেও রোববার হাতিটির মৃত্যু হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড় থেকে পড়ে হাতিটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বিশেষ করে পেছনের দুটি পায়ে মারাত্মক ক্ষতি হওয়ায় সেটি আর স্বাভাবিকভাবে দাঁড়াতে পারেনি। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থারও ক্রমাগত অবনতি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আহত অবস্থায় দীর্ঘ সময় হাতিটির অসহায় ছটফটানি অনেককে আবেগাপ্লুত করে। বন বিভাগের নির্দেশনা মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে এলাকাবাসী উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।
পরিবেশবিদদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া, মানুষের অনুপ্রবেশ, খাদ্যসংকট, দুর্ঘটনা এবং হাতির বিচরণপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় দেশে মানুষ-হাতির সংঘাত ও হাতির মৃত্যুর ঘটনা বাড়ছে। তারা বলেন, হাতির প্রাকৃতিক বিচরণপথ সংরক্ষণ, বনাঞ্চল দখলমুক্ত রাখা এবং বন্যপ্রাণী উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করা জরুরি। টেকনাফের এ ঘটনা বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল রক্ষায় কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনে দিয়েছে।














