ঠাকুরগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান, ট্র্যাক্টর ও পিকআপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শহরের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম শরীফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মামুন-উর-রশিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান লিটন।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুট্টু মিঞা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
মতবিনিময় সভায় সংগঠনের ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখা, বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা এবং শ্রমিকদের মধ্যে ভুল–বোঝাবুঝি দূর করে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো সমস্যা সমাধানে সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জেলার বিভিন্ন এলাকার শ্রমিক নেতা, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। শেষে শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।













