টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা ওরফে চনা বাদশা (৩৫) নামে এক চনা-মুড়ি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (৩ মে) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে হ্নীলা স্টেশনের মোজাফফর সওদাগরের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মৃত দিলদার আহমদ দিলুর প্রথম পুত্র। তিনি দীর্ঘদিন ধরে হ্নীলা স্টেশন এলাকায় চনা-মুড়ির ছোট ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়ভাবে তিনি “চনা বাদশা” নামে পরিচিত ছিলেন এবং এলাকার মানুষের কাছে একজন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির গোয়াল ঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন তিনি। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তার চিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।
পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে বাদশার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হ্নীলা স্টেশন ও পূর্ব সিকদার পাড়াজুড়ে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনরা তার বাড়িতে ভিড় জমান। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, বিদ্যুতের ঝুঁকিপূর্ণ সংযোগ ও অসচেতনতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা বিদ্যুৎ ব্যবস্থাপনায় আরও সতর্কতা অবলম্বন এবং সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
নিহত মোহাম্মদ বাদশা স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।













