ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার ৫ নম্বর বালিয়া ইউনিয়নের সবদলহাট উত্তর কোলোনিপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে একটি জীবিত তক্ষক, ইয়াবা, গাঁজা, হেরোইন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মো. ফিরোজ (৩০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি জীবিত তক্ষক, ১০টি ইয়াবা ট্যাবলেট, ৭৫০ গ্রাম গাঁজা, হেরোইন এবং নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া সব আলামত জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম ও আরএম শাখা) আক্তারুজ্জামান। তিনি বলেন, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক ও অবৈধ বন্যপ্রাণী পাচার রোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে।















