নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি
- আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে আধুনিক রেলস্টেশন নির্মাণ এবং এগারোসিন্ধুর বা বিজয় এক্সপ্রেসসহ আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের দাবি, জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও ময়মনসিংহ-ভৈরব রেলপথের নান্দাইল রোড স্টেশন দীর্ঘদিন ধরে অবহেলিত। একই রুটের মুশুল্লী স্টেশনও কয়েক বছর ধরে বন্ধ রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সরেজমিনে দেখা যায়, ব্রিটিশ আমলে নির্মিত নান্দাইল রোড স্টেশনের অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। স্টেশনে একটি পাকা প্ল্যাটফর্ম ও সিগন্যাল বক্স থাকলেও যাত্রীদের জন্য পর্যাপ্ত বিশ্রামাগার ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নেই।
স্থানীয়রা জানান, একসময় নান্দাইল, তাড়াইল ও কেন্দুয়া উপজেলার হাজারো মানুষ এ রেলপথ ব্যবহার করতেন। দিনে ও রাতে আপ-ডাউন মিলিয়ে প্রায় ১০টি ট্রেন চলাচল করত এবং সবগুলোই নান্দাইল রোড ও মুশুল্লী স্টেশনে যাত্রাবিরতি দিত। বর্তমানে শুধু চট্টগ্রাম মেইল ট্রেনটি দিনে একবার আপ ও ডাউনে থামে। আন্তঃনগর ট্রেনের কোনো স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
ট্রেনযাত্রী আব্দুল মোমেন ও এনামুল মিয়া বলেন, ট্রেন স্বল্প খরচে যাতায়াতের অন্যতম মাধ্যম। কিন্তু একটি ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তারা ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, নান্দাইল রোড স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ এবং আরও কয়েকটি লোকাল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
নান্দাইল রোড স্টেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার ইমাম হোসেন বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং রেলসেবার আধুনিকায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন।














