দেওয়ানগঞ্জে মেয়ে নাচিয়ে ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাতের বেলায় তরুণীদের নাচের আয়োজন করে দর্শক জড়ো করে লাইসেন্সবিহীন ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র এভাবে সাধারণ মানুষকে নানা রোগ সারানোর প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি করছে।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার ৩ নম্বর পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গাসহ কয়েকটি প্রত্যন্ত এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর ফাঁকা মাঠ কিংবা বাজারসংলগ্ন স্থানে অস্থায়ী আসর বসানো হয়। সেখানে চটুল গানের সঙ্গে তরুণীদের নাচ দেখিয়ে দর্শক আকৃষ্ট করা হয়। পরে ওই সুযোগে বিভিন্ন রোগ সারানোর দাবি করে অনুমোদনহীন ওষুধ বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা আক্কছ আলী বলেন, “ওরা বলছিল এই ওষুধ খেলে বাত-ব্যথা, গ্যাস্ট্রিকসহ সব রোগ ভালো হবে। নাচ-গান দেখে বিশ্বাস করে ৫০০ টাকা দিয়ে কিনেছিলাম। খাওয়ার পর থেকে পেটের ব্যথা আরও বেড়েছে। এগুলো ভুয়া ওষুধ।”
অভিযোগ রয়েছে, এসব আসরে ক্যানসার, গ্যাস্ট্রিক, পক্ষাঘাত ও বাতের ব্যথাসহ বিভিন্ন জটিল রোগ দ্রুত ভালো হওয়ার অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনুমোদনহীন বা অজানা উৎসের ওষুধ সেবন স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব ওষুধে ক্ষতিকর উপাদান থাকলে লিভার, কিডনি ও শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
ঝাউডাঙ্গাসহ পাররামরামপুর ইউনিয়নের সচেতন বাসিন্দারা এ ধরনের ভুয়া ওষুধ বিক্রি এবং রাতের বেলায় নাচের নামে এ আয়োজন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, “রাতের আঁধারে মেয়ে নাচিয়ে লাইসেন্সবিহীন ভুয়া ওষুধ বিক্রির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
















