ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসসহ চারটি বাস ও একটি পিকআপে আগুন ধরিয়ে দিলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে খুলনাগামী একটি ডিমবোঝাই পিকআপের চাকা পাংচার হলে সেটি শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পিকআপটি সরাতে স্থানীয় কয়েকজন সেখানে জড়ো হন।
সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে বিকল পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের পাশে থাকা কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেলে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে মহাসড়কে চলাচলরত আরও তিনটি বাস ও একটি পিকআপেও আগুন দেওয়া হয়। এতে মোট চারটি বাস ও একটি পিকআপ পুড়ে যায়।
আগুন ও বিক্ষোভের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
















