নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শশা গ্রামে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আয়োজিত ‘শশা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’–এর ৪০ বছর ঊর্ধ্ব খেলোয়াড়দের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শশা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তালুকদার নাজমুল হাসান (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার হাবিবুর রহমান (বাবুল)। উদ্বোধন করেন সমাজসেবক কমল বিশ্বাস।
টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচ দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ মাঠে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজে মাদকের বিস্তার রোধ, সামাজিক সম্প্রীতি জোরদার এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন। তাদের মতে, খেলাধুলা তরুণদের সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এবং মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
খেলা শেষে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।













