নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়া পৌরসভাধীন লোনসিং এলাকায় দীর্ঘদিনের অসুস্থতা সইতে না পেরে শিউলি বেগম (৩৮) এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গত রোববার (১০ মে) সকাল প্রায় ১১টায় নড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের লোনসিং এলাকায় নিজ ঘরে এই ঘটনা ঘটে। নিহত শিউলি বেগম ওই গ্রামের জুয়েল খলিফার স্ত্রী এবং হাশেম শেখের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শিউলি বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন। আজ বেলা ১১টার দিকে পরিবারের সবার অগোচরে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করলেও তার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহত শিউলি বেগমের স্বামী জুয়েল খলিফা জানান, তার স্ত্রী দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি প্রায়ই বিমর্ষ থাকতেন। আজ বেলা ১১টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি এই ঘটনা ঘটান। জুয়েল খলিফা আরও জানান, অসুস্থ স্ত্রীর চিকিৎসা চললেও আজ হঠাৎ এমন মর্মান্তিক সিদ্ধান্তে তারা স্তব্ধ হয়ে পড়েছেন।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহার মিয়া বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক বিষণ্ণতা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।














