নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ওঠানামায় চরম ভোগান্তি স্থায়ী ঘাট/সিঁড়ি নির্মাণে এলাকাবাসীর জোর দাবি
- আপডেট সময় : ২৪৫ বার পড়া হয়েছে
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ওঠানামার জন্য উপযুক্ত ঘাট বা সিঁড়ি না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ চিকিৎসার জন্য নদীপথে ট্রলার বা নৌকাযোগে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু নিরাপদভাবে রোগী নামানো ও তোলার কোনো স্থায়ী ও কার্যকর ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বে যেখানে একটি অস্থায়ী ঘাটলা ছিল, সেখানে সম্প্রতি একটি টয়লেট নির্মাণ করা হয়েছে। ফলে রোগী পরিবহনে নতুন করে সংকট দেখা দিয়েছে। নৌপথে আসা রোগীদের বিশেষ করে গুরুতর অসুস্থ, বৃদ্ধ ও নারী রোগীদের ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রোগীর স্বজনরা অভিযোগ করেন, অনেক সময় বাধ্য হয়ে কাঁধে করে রোগী নামাতে হয়। এতে যেমন দুর্ঘটনার আশঙ্কা থাকে, তেমনি রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটার ঝুঁকিও বেড়ে যায়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে বলে তারা জানান।
এদিকে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর-এর কাছে নেছারাবাদে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আবেদন করা হয়েছে। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানালেও তাদের মতে, হাসপাতাল নির্মাণ একটি দীর্ঘমেয়াদি ও বৃহৎ প্রকল্প। কিন্তু রোগীদের তাৎক্ষণিক সুবিধার জন্য এখনই একটি স্থায়ী ঘাট বা নিরাপদ সিঁড়ি নির্মাণ অত্যন্ত জরুরি।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, সামান্য অবকাঠামোগত উন্নয়নেই দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান সম্ভব।
এলাকাবাসীর প্রত্যাশা, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করা হবে।















