দেওয়ানগঞ্জ দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ছাগল বিতরণ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে উপজেলার ১২০ জন সুফলভোগীর হাতে ছাগল তুলে দেওয়া হয়। গতকাল শুক্রবার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন- সরকার সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ছাগল পালন একটি লাভজনক ও সহজলভ্য আয়ের উৎস। এ ধরনের সহায়তা কাজে লাগিয়ে সুবিধাভোগীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। তিনি বিতরণ করা ছাগল গুলোর যথাযথ পরিচর্যা ও পরিকল্পিতভাবে পালন করার জন্য সুফল ভোগীদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহ জামান খান তুহিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মনিবুর রহমান মনির, উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, এ প্রকল্পের আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে ৭৭০ জন সুফলভোগীর মাঝে মোট ১ হাজার ৫৪০টি ছাগল বিতরণ করা হবে।














