নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত (৭মার্চ) ১টা ৫ মিনিটের দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কাঁচিহাটা গ্রামের ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও তাজুল ইসলাম সুমন (৩৪)। তারা উভয়েই আমানউল্যাপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারে টহল ডিউটির সময় সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজনকে দেখে পুলিশ এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। আটক ফাহিমের প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটকরা পলাতক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



















