প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিটি শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের পাশাপাশি অন্তত পাঁচ মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা উচিত। তিনি বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি মানবিকতা, পারিবারিক বন্ধন ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাও জরুরি।
শনিবার দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান, রূপনগরের একটি কিন্ডারগার্টেন স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পল্লবীতে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ, যার ঘাটতি সমাজে স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি বলেন, “আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেক বাবা-মা নিজেদের সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলতেও সংকোচ বোধ করেন। এই নৈতিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “প্রতিটি ক্লাসে অন্তত পাঁচ মিনিট নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোচনা করলে ভবিষ্যৎ প্রজন্ম আরও মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
তিনি বলেন, যৌথ পরিবারের সংস্কৃতি ক্রমেই হারিয়ে যাচ্ছে। পারিবারিক ও সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধার করা সময়ের দাবি।
আমিনুল হক বলেন, “শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষিত হতে হবে। আর সুশিক্ষার ভিত্তি হলো নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ।”
ভবিষ্যৎ প্রজন্মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানের তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব থাকবে। তাই তাদের মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রতিবেশী, আত্মীয়স্বজন, বাবা-মা কিংবা সন্তান—সবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে যদি এই মূল্যবোধ গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যৎ সমাজ আরও সুন্দর ও মানবিক হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি ম. হামিদুর হক মানিক।
















