বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বন্যাকবলিত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও জরুরি সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ঝিলংজা, চৌফলদণ্ডী, ফরিনাফাড়ি ও নতুন লাহাজানি পাড়া এলাকায় পানিবন্দি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক। তিনি পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।
















