৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, রোপণ করা হলো ৮৪ হাজার চারা
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া বনবিটের আওতাধীন সাগুনী শালবনের ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি অবৈধ দখলমুক্ত করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া বনভূমিতে ৮৪ হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বাঁশগাড়া মৌজায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০ শ্রমিক অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঁশগাড়া মৌজার সংরক্ষিত বনভূমি বিভিন্নভাবে অবৈধ দখলে ছিল। উপজেলা প্রশাসন ও পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বনভূমিটি পুনরুদ্ধার করে বন বিভাগের দখলে নেওয়া হয়। পরে গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি হিসেবে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে উদ্ধার করা বনভূমিতে তাৎক্ষণিকভাবে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় দিনাজপুরের সহকারী বন সংরক্ষক তানভীর নাহিদ ইসলাম, থুমনিয়া বনবিট কর্মকর্তা মহসিন আলী, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বন বিভাগ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
থুমনিয়া বনবিট কর্মকর্তা মহসিন আলী বলেন, সংরক্ষিত বনভূমি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ দখলে থাকা সরকারি বনভূমি উদ্ধারে বন বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধার করা বনভূমি নিয়মিত নজরদারিতে রাখা হবে।















