বান্দরবানে ১ কোটি ৫০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দীন, পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়। আয়োজকেরা জানান, মোট ২ ধাপে মোট ২ হাজার ৭৭৯জন শিক্ষার্থীর মধ্যে ১কোটি ৫০ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে আর এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের আর্থিক সংকট দূর করে তাদের লেখাপড়ায় উৎসাহিত করতেই পার্বত্য জেলা পরিষদ নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পার্বত্য জেলা পরিষদ ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। সরকারের পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষাক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।















