সুমন হত্যা মামলায় এক অভিযুক্ত নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র সুমন শেখ হত্যা মামলার, এজাহারভুক্ত এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসামি মামলার ৮ নম্বর অভিযুক্ত কবির। গতকাল শনিবার (৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এসআই সমিত মজুমদার, এসআই আরিফ, এএসআই জুলহাস, এএসআই শেখ মিজানুর রহমান, কনস্টেবল মিরাজ ও কনস্টেবল জেল হকের নেতৃত্বাধীন একটি পুলিশ দল। গতকাল রোববার সকালে, আসামী কবির কে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন আলফাডাঙ্গা থানা পুলিশ।
উল্লেখ্য, গত ২৬ জুন সন্ধ্যা ৬টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ পূর্বপাড়া এলাকায়, প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় কলেজছাত্র সুমন শেখকে। নিহত সুমন বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই শামীম শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, “সুমন হত্যা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সকল আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”













