বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেনের বগির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩২০ বোতল এস্কাফ মাদক উদ্ধার করেছে বিজিবি ও রেলওয়ে পুলিশের সদস্যরা।
গতকাল সোমবার (১৮ মে) রাত ১০ টার দিকে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা এ মাদকের চালানটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- ভারত থেকে পণ্যবাহী ট্রেনে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসছে। এমন খবরে বিজিবির একটি দল বেনাপোল রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের বগির নিচে লুকিয়ে রাখা ৩২০ বোতল এস্কাফ মাদক উদ্ধার করে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বেনাপোল রেলস্টেশন এলাকার দূর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং কিছু অসাধু নিরাপত্তাকর্মীর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদককারবারিরা ভারত থেকে ট্রেনযোগে এসব মাদক বাংলাদেশে নিয়ে আসছে। ভারতের বনগাঁ ও কলকাতা স্টেশন এলাকা থেকে মাদককারবারিরা ট্রেনের বগির ভেতর লুকিয়ে এগুলো বাংলাদেশে পাঠায়। ভারত থেকে ট্রেন বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছালে গভীর রাতে স্থানীয় মাদককারবারিরা কৌশলে এগুলো নামিয়ে নেয়।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বেনাপোল রেলওয়ে স্টেশনে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদকের একটি চালান উদ্ধার করেছে বিজিবি ও রেলওয়ে পুলিশের সদস্যরা। এখন থেকে পণ্যবাহী ট্রেনে নজরদারি বাড়ানো হবে। কে বা কারা পণ্যবাহী ট্রেনে মাদক পাচার করছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।


















