ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় আগাম সবজির ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
- আপডেট সময় : ৬৪ বার পড়া হয়েছে
টানা কয়েক দিনের ভারী বর্ষণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজি ক্ষেতে পানি জমে গাছ ও চারা পচে যাওয়ায় উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। এতে বাজারে আগাম সবজির সরবরাহ কমে দাম বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
উপজেলার জোয়ারিয়া, পাথারঘাটা, ডুমুরিয়া, তারাইল, গোপালপুরসহ বিভিন্ন এলাকায় আগাম বাজার ধরার লক্ষ্যে পটল, বেগুন, শিম, করলা, শসা, বাঁধাকপি, ফুলকপি ও অন্যান্য শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এরই মধ্যে কিছু সবজির ফলন শুরু হলেও অস্বাভাবিক বৃষ্টিতে অনেক ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকদের ভাষ্য, টানা বর্ষণে ক্ষেতে পানি জমে থাকায় গাছ ও চারা নষ্ট হচ্ছে। অনেকেই দিন-রাত চেষ্টা করেও পানি সরিয়ে ফসল রক্ষা করতে পারছেন না। এতে উৎপাদন ব্যয় বাড়লেও প্রত্যাশিত ফলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় প্রায় ৭ হাজার ১১৫ হেক্টর জমিতে অন্তত ১২ ধরনের আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। দেশের সবজির চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ এ অঞ্চল থেকে সরবরাহ করা হয়। ফলে উৎপাদন কমে গেলে বাজারে এর প্রভাব পড়তে পারে।
তবে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় আংশিক ক্ষতি হয়েছে। কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তারা আশা প্রকাশ করেন।

















