মাদারীপুরে চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়ী নির্মাণে বাঁধা
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় মাদারীপুর সদর উপজেলার পূর্ব চিড়াইপাড়া গ্রামের কাতার প্রবাসী আকাশ মাতুব্বরের ঘর নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। রোববার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন প্রবাসীর মা শাহানা বেগম ও তার স্ত্রী সুরাইয়া আক্তার। এসময় তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ভূক্তভোগি পরিবার সংবাদ সম্মেলনে জানান, গেলো ২০২০ সালের ১৭ জুলাই মৃত আমজেদ মাতুব্বরের ছেলে আকাশ মাতুব্বর তার চাচা মতি মাতুব্বর ও চাচী মনজু বেগমের কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করেন। সেই থেকে আকাশ মাতুব্বরই বাড়ী ও নাল জমি ভোগ করে আসছে। সম্প্রতি সেই জমিতে আকাশ মাতুব্বর ঘর নির্মাণ শুরু করেন। পাকা ঘরের পিলারসহ প্রায় অর্ধেক কাজ শেষ পর্যায়ে। কিন্তু তার চাচা মতি মাতুব্বর সেই জায়গায় ঘর তুলতে বাঁধা দেয়। এক পর্যায়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। কিন্তু আকাশের পরিবার সেই টাকা দিতে অস্বীকার করলে একটি মামলা দিয়ে প্রবাসীর পরিবারকে হয়রানি শুরু করছে। এঘটনা ও হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার চেয়েছেন এ ভূক্তভোগি পরিবার। সংবাদ সম্মেলনে আকাশ মাতুব্বরের মা শাহানা বেগম, তার বড় চাচা আমীর হোসেন মাতুব্বর, স্ত্রী সুরাইয়া আক্তার ন্যায্য বিচার দাবী করেন।
এব্যাপারে আকাশের বড় চাচা আমীর হোসেন মাতুব্বর বলেন, ‘প্রায় সাড়ে ৫ বছর আগে জমি ক্রয় করে ঘর নির্মাণ করে ভোগদখল করছে আকাশ। কিন্তু এবার বিল্ডিং করতে গেলে আমার মেঝ ভাই মতি মাতুব্বর বাঁধা দেয়। তাকে টাকা না দিলে সে ঘর করতে দিবে না, এমন কথা বলছে। পরে টাকা না পেয়ে একটি অস্থায়ী নিষেধাঞ্চার মামলা দিয়ে হয়রানি করছে। এর বিচার হওয়া দরকার।’
আকাশের মা শাহানা বেগম বলেন, ‘আমার ছেলে কাতারে থাকে। সে বিল্ডিং করতে গেলে মতি মাতুব্বর বাঁধা দেয়। এখন মিথ্যে মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। মতি মাতুব্বরের বিচার চাই।’
অভিযোগের বিষয় মতি মাতুব্বরের সাথে যোগাযোগ করেও বক্তব্য নেয়া যায়নি।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ঘর নির্মাণে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলার কপি আদালত থেকে এসেছে। সেটা বিবাদী পক্ষকে দেয়া হয়েছে। তবে যদি কেউ চাঁদা চেয়ে থাকে, তার বিষয়ও ব্যবস্থা নেয়া হবে।’



















