মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
কেক কাটা ও গাছের চারা রোপণের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দুপুর ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার সাংবাদিক, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহমেদ, এনটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মঈনুদ্দিন আহমেদ সুমন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম আহমেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনসহ জেলার সাংবাদিক ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে এনটিভির ভূমিকার প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এনটিভি একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “এনটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধির কাছে জেলার নানা গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তিনি বিভিন্ন সময় আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। অন্যান্য সাংবাদিকরাও যদি প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। বাংলাদেশ পুলিশ সবসময় একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অতিথিরা গাছের চারা রোপণ করেন।















