সুন্দরগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এক স্কুলছাত্রসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রোববার উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং একটি গবাদি পশু মারা গেছে।
নিহতরা হলেন—দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে ও স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখীর লক্ষণ দেখা দেয়। এ সময় ওই তিন কিশোর ও তরুণ বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে স্বজনরা দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।



















