সুবর্ণচরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গত শনিবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের তোতার বাজারের দক্ষিণে হাজী নজীর আহম্মদ জামে মসজিদ সংলগ্ন মৌলভী পাড়া এলাকায় চেয়ারম্যানঘাট–সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি সোনাপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে চেয়ারম্যানঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মৌলভী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভূঞারহাটগামী একটি বালুবাহী ১০ চাকার ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দেয়।
এতে সিএনজির যাত্রী মোহাম্মদ জহির (৪৬) ঘটনাস্থলেই নিহত হন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার এলাকার বাসিন্দা। তার পিতার নাম লাল মিয়া। দুর্ঘটনায় সিএনজির আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণ কাজের জন্য সড়কের পাশে বালু ও পিলার স্তুপ করে রাখায় সড়কের একপাশে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে সাইড দিতে গিয়ে সিএনজিটি বালুর স্তূপে আটকে পড়ে এবং নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় পড়ে দুর্ঘটনাটি ঘটে।
এছাড়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় সড়কবাতি স্থাপনের দাবি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, প্রতি বছর এই স্থানে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০টি দুর্ঘটনা ঘটে, যার মধ্যে অন্তত ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।



















