সুবর্ণচরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে ‘মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্ম’-এর উদ্যোগে চর জুবিলী ইউনিয়ন টিমের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলার চর জব্বার ডিগ্রি কলেজের অলি উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চর জুবিলী ইউনিয়ন টিমের অন্যতম সংগঠক মো. সাইফ উল্যাহ (সবুজ) ও সংগঠনের সমন্বয়কারী মো. এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক আবুল কালাম আজাদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপপরিচালক সাইফুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী নিজাম উদ্দিন ফারুক, গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল বাবলা কান্তি দেবনাথ, চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের উপদেষ্টা মো. নিজাম উদ্দিন এবং পরিবেশ ও মানবাধিকারকর্মী সাগর হোসেন রনি।
এছাড়া বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ছালেহ উদ্দিন চৌধুরী, তরুণ সমাজসেবক ও আইনজীবী আব্দুল ওয়াহেদ, মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের উপজেলা সংগঠক তালহা মোহাম্মদ সিফায়েত উল্লাহ, থানারহাট কলেজের প্রভাষক কামাল উদ্দিন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও গণমাধ্যমকর্মী মো. রেদওয়ান হোসেন, সাংবাদিক আব্দুল জব্বার এবং যুব সংগঠক বাদশা আলম প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদকচক্রের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি ইউনিয়ন ও গ্রামভিত্তিক কমিটি গঠন, মাদক ব্যবসায় জড়িতদের তালিকা প্রণয়ন, মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী, অতিথি ও সংগঠকদের অংশগ্রহণে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।














