উখিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।র্যাব-১৫ জানায়, গত ৩০ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মিজানুর রহমান (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আইয়াবুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারার একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













