চকরিয়ায় পুলিশের বিশেষ ব্লকরেইড
- আপডেট সময় : ১৪৯ বার পড়া হয়েছে
অপরাধ দমনে জোরালো পদক্ষেপের অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মানিকপুর–সুরাজপুর ইউনিয়নে বিশেষ ব্লকরেইড অভিযান পরিচালিত হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে গতকাল শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি, চোর-ডাকাত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ একাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়, যেখানে সংশ্লিষ্ট বিট অফিসারসহ চকরিয়া থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়।
পুলিশের এই সক্রিয় অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে আসে। স্থানীয়রা নবাগত ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বের প্রশংসা করেন এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত চালু রাখার দাবি জানান। পাশাপাশি, পুলিশের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, “মানিকপুর–সুরাজপুর ইউনিয়নের জনগণ এখন থেকে নিশ্চিন্তে ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারবে। অপরাধীদের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে মানিকপুর–সুরাজপুর ইউনিয়নের চারটি ভোট কেন্দ্র পরিদর্শন করা হয়। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভৌগোলিক অবস্থান ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।
















