পাথরঘাটায় পুকুর রক্ষা ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
“পানির দেশে পানি নাই, সুপেয় পানির ব্যবস্থা চাই” এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা পৌর শহরের ঐতিহ্যবাহী ও জীবনরক্ষাকারী রিজার্ভ পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেন্ডার সমতা ও জলবায়ু জোটের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল রোববার পাথরঘাটা পৌর শহরের রিজার্ভ পুকুর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে খালি কলসি হাতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা রিজার্ভ পুকুরটি পুনঃখনন, চারপাশে সুরক্ষা ওয়াল নির্মাণ, অবৈধ দখল ও পাইপ উচ্ছেদ এবং মানসম্মত পানি ফিল্টার স্থাপনের জোর দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন শিকদার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, সাবেক সভাপতি আমিন সোহেল, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, সমাজসেবক মেহেদী শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় পুকুর পাড়ের বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী এবং পুকুরের পানির ওপর জীবিকা নির্ভরশীল একাধিক পানি ব্যবসায়ীও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই রিজার্ভ পুকুরের পানি প্রতিদিন হাজার হাজার মানুষের পানির চাহিদা পূরণ করে আসছে। অথচ কিছু অসাধু ব্যক্তির কারণে দীর্ঘদিন ধরে পুকুরটি অরক্ষিত অবস্থায় রয়েছে। অন্তত অর্ধশত পাইপের মাধ্যমে অবৈধভাবে পানি উত্তোলন করা হচ্ছে এবং পুকুরের চারপাশ ভরাট করে দখল করা হয়েছে।
তারা অভিযোগ করেন, পুকুরের চারপাশে গবাদিপশুর মল-মূত্রে পানি দূষিত হচ্ছে। বাধ্য হয়ে স্থানীয় মানুষ এই নষ্ট পানিই ব্যবহার করছে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কার্যকর নজরদারির অভাব রয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে অবৈধ পাইপ ও স্থাপনা উচ্ছেদ করে পুকুরটি সুরক্ষিত করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।









