পাথরঘাটায় মাদকসহ এক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ২৪৯ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোঃ শুকুর মিয়া (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী রুপধন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত শুকুর মিয়া একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাক হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল অস্ত্র ও গোলাবারুদসহ ওই এলাকায় টহল পরিচালনা করে। অভিযানের সময় শুকুর মিয়াকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিলেন। পরে তাকে পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর এমন কার্যকরী অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এ ধরনের নিয়মিত অভিযান মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













