ফের প্রাথমিক বৃত্তি পরীক্ষা, পীরগঞ্জে অংশ নিচ্ছে ১,৪৮১ শিক্ষার্থী
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলাতেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন মিলিয়ে তিনটি কেন্দ্রে ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৪৮১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রাথমিকের বৃত্তি ও সমাপনী পরীক্ষা নিয়মিত চালু থাকলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে এবং মেধার সঠিক মূল্যায়ন সম্ভব হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দুই বছর বন্ধ থাকার পর ২০২৫ শিক্ষাবর্ষে পুনরায় এ পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে ২০০৯ সালে সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ করে দিয়েছিল।
এবার সারাদেশে একযোগে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, যা শিক্ষা ব্যবস্থায় নতুন করে গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















