বড়লেখায় ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ, জরিমানা
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি এলাকার কানুনগো বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজলের প্রসিকিউশনে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারার লঙ্ঘন করে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ইজ্জতপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মতিউর রহমান (২১)-এর বিরুদ্ধে একটি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে ৩৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে বিধি মোতাবেক মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে নিষিদ্ধ মাছ ও মাছের পোনা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ—এ বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয় এবং সংশ্লিষ্ট আইনের বিভিন্ন বিধান সম্পর্কে অবহিত করা হয়।
দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।















