গোলাপগঞ্জে তেল সংকট
বাইকারদের হাহাকার, তাও মিলছে মাত্র ২০০ টাকার!
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় হঠাৎ করে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। প্রয়োজনীয় কাজে বের হলেও অনেকেই পর্যাপ্ত তেল না পেয়ে মাঝপথে বিপাকে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে কয়েকদিন ধরেই তেল সরবরাহ বন্ধ বা সীমিত রয়েছে। ফলে প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক বাইকার খালি হাতে ফিরছেন। কেউ কেউ আবার অতিরিক্ত দামে খোলা বাজার থেকে তেল কিনতে বাধ্য হচ্ছেন।
এ অবস্থায় অনেক বাইকারের একমাত্র ভরসা হয়ে উঠেছে সুনামপুর এলাকা। সেখানে অল্প পরিমাণে তেল পাওয়া গেলেও প্রতি ব্যক্তিকে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে করে দূর-দূরান্ত থেকে আসা চালকদের চাহিদা পূরণ হচ্ছে না।
ভুক্তভোগী এক বাইকার জানান, “সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরেও তেল পাইনি। শেষে সুনামপুরে এসে মাত্র ২০০ টাকার তেল পেলাম, যা দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব না।”
অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় তারা বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ও পরিবহন খাতের ভোগান্তি কমে।

















