বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
- আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
সোমবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু।
উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন এবং পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।
এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ পরিণত বয়সে পৌঁছালে প্রয়োজন অনুযায়ী কর্তন করা হলেও সেই স্থানে নতুন গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। বর্ষা মৌসুমে বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আয়োজকেরা জানান, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। এতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির চারা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নিয়েছে।

















